চোটে জর্জরিত দল, বেঞ্চে ভরসা করতে হয়েছে তরুণদের ওপর এ রকম অবস্থাতেই কঠিন এক ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। যোগ করা সময়ের একেবারে শেষ দিকে দূরপাল্লার শটে গোল করে দলকে রক্ষা করেন অধিনায়ক ফেদরিকো ভালভার্দে, আর সেই গোলেই ২-১ ব্যবধানে জয় তুলে নেয় লস ব্লাঙ্কোসরা।
বালাইদোসে ম্যাচটা ছিল মূলত মাঝমাঠের লড়াই। দুই দলই খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। তবে এই লড়াইয়ে সবচেয়ে বেশি নজর কেড়েছেন রিয়ালের ডিফেন্সিভ মিডফিল্ডার অরিয়েল চুয়ামেনি; মাঝমাঠে নেতৃত্ব আর দৃঢ়তায় ম্যাচের বড় সময়টা তিনিই নিয়ন্ত্রণে রেখেছেন।
রিয়াল ম্যাচে এগিয়ে যায় তারই গোলে। কর্নার থেকে আসা বলে দৌড়ে এসে শক্ত শটে জালে পাঠান ফরাসি মিডফিল্ডার। কিন্তু স্বাগতিকরা খুব বেশি সময় পিছিয়ে থাকেনি। ডান দিক দিয়ে আক্রমণ গড়ে তুলে সুযোগ তৈরি করেন উইলিয়ট, আর তার পাস থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান বোরজা ইগেলিয়াস।
এরপর ম্যাচটা হয়ে ওঠে আরও কঠিন ও ধীরগতির। মাঝমাঠে লড়াই চললেও দুই দলই শেষ তৃতীয়াংশে খুব একটা সফল হচ্ছিল না। রিয়ালের আক্রমণে ভিনিসিয়ুস থাকলেও তিনি কিছুই করতে পারেনি।