সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে দুর্দান্ত মৌসুম কাটালেও হঠাৎ চোটে পড়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমে যতটা সাধারণ মনে করা হয়েছিল, বাস্তবে চোটটি তার চেয়ে বেশি গুরুতর—এমনটাই জানিয়েছেন দলের কোচ হোর্হে জেসুস। পরিস্থিতি সামাল দিতে দ্রুত চিকিৎসার জন্য মাদ্রিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন রোনালদো, যা নিয়ে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে আল নাসরের শিবিরে তৈরি হয়েছে নতুন উদ্বেগ।
রোনালদোর বর্তমান অনুপস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে হোর্হে জেসুস বলেন, ‘ক্রিস্টিয়ানোর চোটটা আমরা প্রথমে যতটা ভেবেছিলাম তার চেয়ে বেশি গুরুতর। সে স্পেনে যাবে নিজের ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টের কাছে চিকিৎসা নিতে—অনেক খেলোয়াড়ই এভাবে চিকিৎসা নেয়। আমরা আশা করছি, দ্রুত সুস্থ হয়ে সে আবার দলে ফিরবে এবং দলকে সাহায্য করবে।’
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো স্থগিত থাকায় আপাতত কোনো ম্যাচ মিস করতে হয়নি রোনালদোর। তবে আল নাসরের আগামী ম্যাচে তাকে পাওয়া যাবে না। দলের পরবর্তী প্রতিপক্ষ নিওম এসসির বিপক্ষে ম্যাচের আগে তিনি মাদ্রিদে গিয়ে চিকিৎসা নেবেন।
কয়েক দিন আগে আল নাসর ক্লাব এক মেডিকেল প্রতিবেদনে জানায়, আল-ফাইহা ম্যাচে খেলতে গিয়ে রোনালদোর হ্যামস্ট্রিংয়ে চোট লাগে। এরপর থেকেই তিনি পুনর্বাসন কর্মসূচিতে আছেন এবং প্রতিদিন তার অবস্থা মূল্যায়ন করা হচ্ছে।