তাণ্ডবের পর ফের মেগাস্টার শাকিব খানের সঙ্গে জুটি বাঁধলেন সাবিলা নূর। ‘রকস্টার’ নামে ছবিটি নির্মাণ করছেন আজমান রুশো। চলতি বছর ঈদুল আজহায় মুক্তি পাবে চলচ্চিত্রটি। এই সিনেমার প্রধান নায়িকা নিয়ে এরই মধ্যে কয়েকজন অভিনেত্রীর নাম শোনা গেছে। তবে এশিয়া পোস্টের কাছে আসা খবর—সিনেমাটির প্রধান নায়িকা চরিত্রে রয়েছেন সাবিলা নূর। আর তানজিয়া জামান মিথিলা অতিথি চরিত্রে অভিনয় করবেন।
বিশ্বস্ত সূত্র এশিয়া পোস্টকে জানায়, ‘রকস্টার সিনেমার মাধ্যমে আরও একবার জুটি হচ্ছেন শাকিব খান ও অভিনেত্রী সাবিলা নূর। এখানে তাকে নায়কের প্রেমিকার চরিত্রে দেখা যাবে। মিথিলাও অভিনয় করছেন, তবে তিনি অতিথি চরিত্রে থাকবেন। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে দেশের শক্তিমান অভিনেতাদের দেখা যাবে।’
‘রকস্টার’ সিনেমার শুটিং শুরু হবে মালয়েশিয়ায়। টিমের একটি বড় অংশ ইতোমধ্যে দেশটিতে অবস্থান করছেন এবং বিভিন্ন লোকেশনে রেকি শুরু হয়েছে। সিনেমার টিম সূত্রে জানা যায়, শাকিব খান ও সাবিলা নূর ঈদের পর মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। এরপর চলতি মাসেই শুরু হবে শুটিং।
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঈদের এই বিগ বাজেটের সিনেমাটি বড় পর্দায় বিশেষ ধামাকা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। সিনেমাটি পিনহুইল প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মিত হচ্ছে।