ছুটির দিন ব্যতীত অন্যদিনগুলোতে দুপুর ২টা থেকে খোলে বইমেলার দরজা। বেলা বাড়ার সাথে সাথে মেলা প্রাঙ্গণ সব বয়সীদের আনাগোনায় ভরে ওঠে। তবে সন্ধ্যার পর থেকে মেলায় ভিড় হয় খানিকটা বেশি।
পাঠক ও মেলায় আগতরা বলছেন, এ বছর রমজানের কারণে পাঠকদের ভিড় কিছুটা কম। তবে এতে মেলার সৌন্দর্য বা ঐতিহ্যে ভাটা পড়েনি মোটেও। প্রকাশকদের দাবির মুখে এবার মেলায় স্টল ভাড়া মওকুফ করা হয়েছে। এতে কিছুটা ক্ষতি কমলেও লাভ নিয়ে এখনও শঙ্কায় স্টল সংশ্লিষ্টরা।
এদিকে লেখকরা বলছেন, রমজান হিসেবে মেলায় পাঠকদের সমাগমে সন্তুষ্ট অনেকে, বইয়ের কাটতিও খারাপ নয়। নতুন-পুরাতন মিলিয়ে মেলায় সহস্র বইয়ের স্রোতে গা ভাসাতে ঢাকার বাইরে থেকেও ছুটে আসেন বহু মানুষ।
রোববার (৮ মার্চ) মেলার ১১তম দিনে নতুন বই এসেছে ৭৫টি, এখন পর্যন্ত মোট ৮৩৩টি নতুন বইয়ের মোড়ক খুলেছে বইমেলায়।