প্রবাসীদের জীবনে থাকে কঠোর পরিশ্রম, একাকিত্ব এবং পরিবারের জন্য সুখ বিসর্জনের এক বিরামহীন সংগ্রাম। এই জীবন নিয়েই ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খানের পরিচালনায় নির্মিত হয়েছে ‘আমেরিকান ড্রিম’।
আজ প্রকাশিত হচ্ছে ‘ঠিকানা’ প্রথম অরিজিনাল স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইমিগ্রেন্ট ডায়েরি-১ম পর্ব: আমেরিকান ড্রিম’। এতে মূল চরিত্রে থাকবেন অভিনেতা জায়েদ খান। যুক্তরাষ্ট্রের সময় সকাল ১১টায় এবং বাংলাদেশ সময় রাত ১০টায় ঠিকানার সব সোশ্যাল প্ল্যাটফর্মে দেখা যাবে শর্ট ফিল্মটি।
৩৭ বছর ধরে ‘ঠিকানা’ প্রবাসে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নাম, ভাষা ও সংস্কৃতিকে গর্বের সঙ্গে তুলে ধরছে। এবার সেই গল্প বলার আরেকটি নতুন মাধ্যম নিয়ে হাজির হলো ঠিকানা।
প্রবাসীদের জীবনে ‘আমেরিকান ড্রিম’ শুধু স্বপ্ন নয়, তার পেছনে থাকে সংগ্রাম, ত্যাগ এবং অনেক অদেখা বাস্তবতা। সিনেমাটির প্রথম পর্বে সেই যাত্রার একটি ছোট ঝলক তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
ঠিকানার পক্ষ থেকে জায়েদ খান, নঈম ইমতিয়াজ নেয়ামুল, জন কবির, আবির আলমগীর, সাদ আল আমিন, আমিন আহমেদ এবং এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
সম্প্রতি সামাজিকমাধ্যমে বিদেশবিভুঁইয়ে এক ক্লান্ত শ্রমিকের বেশে একটি ছবি পোস্ট করে হৈচৈ ফেলে দেন জায়েদ খান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্তান করছেন। ‘ঠিকানা’ চ্যানেলে তার উপস্থাপনায় প্রচার হচ্ছে ‘সেলিব্রিটি টক শো– ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’।