পবিত্র রমজান মাসে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে রোজা ও ঈদের ছুটির পুরো সময় দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে বিদেশি কারিকুলামে পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও শ্রেণি কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।
রোববার দুপুরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান। পরে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পবিত্র রমজান উপলক্ষে দেশের সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগেই ছুটি ঘোষণা করা হলেও, সারাদেশে সব কোচিং সেন্টার চালু ছিল। কোথাও কোথাও স্কুল-কলেজের শিক্ষকরা আলাদাভাবে ব্যাচ করে পড়াচ্ছেন বলেও অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি বেশ কিছু ইংলিশ মিডিয়াম স্কুলেও নিয়মিত ক্লাস চলছিল। এতে রোজার সময় শিক্ষার্থী ও অভিভাবকদের নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছিল।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। আলোচনায় অভিভাবকদের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসে স্কুল খোলা থাকায় অনেক পরিবারকে সন্তানদের নিয়ে প্রতিদিন বাইরে যেতে হচ্ছে, যা তাদের জন্য কষ্টকর হয়ে উঠছে।
বৈঠকে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর প্রতিনিধিরা জানান, ঈদের আগে অনেক প্রতিষ্ঠানে পূর্বনির্ধারিত পরীক্ষার সময়সূচি রয়েছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, পূর্ব ঘোষিত পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী নেওয়া যাবে। তবে আজ সোমবার থেকে এসব প্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি কার্যক্রম বন্ধ রাখতে হবে।
একই সঙ্গে স্কুল বন্ধ থাকলেও কোচিং সেন্টারগুলো চালু থাকার বিষয়টি জানার পর শিক্ষামন্ত্রী রোজা ও ঈদের ছুটির সময় দেশের সব ধরনের বাংলা ও ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টারের কার্যক্রমও বন্ধ রাখার নির্দেশ দেন। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।