অনারারি অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যাকাডেমিক কমিটির সভায় শোক প্রস্তাব গৃহীত হয়েছে। সভায় এক মিনিট নীরবতা পালন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। মঙ্গলবার বিভাগের চেয়ারপার্সন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. তৈয়েবুর রহমানের পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ড. সাখাওয়াত আলী খান সোমবার রাত ১টায় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে বিভাগের অ্যাকাডেমিক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়। এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। শোক বার্তায় বলা হয়, দীর্ঘ সময় বিভাগের সঙ্গে যুক্ত থেকে সাংবাদিকতা শিক্ষায় অবদান রাখা এই গুণী অধ্যাপকের স্মৃতিচারণের উদ্দেশ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ বৃহত্তর পরিসরে একটি স্মরণসভা আয়োজনের উদ্যোগ নিয়েছে। বর্তমানে ঈদুল ফিতরের ছুটি চলছে। শিক্ষার্থীদের যোগদানের সুবিধার কথা বিবেচনা করে ঈদের পর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম চালু হলে স্মরণসভার তারিখ নির্ধারণ করা হবে।
শোক বার্তায় আরও বলা হয়েছে, পাঁচ দশকেরও বেশি সময় ধরে অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানের কাছ থেকে সাংবাদিকতা ও যোগাযোগের দীক্ষা নিয়েছেন অগণিত শিক্ষার্থী। স্মরণসভায় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী, স্বজন ও শুভার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিতি হয়ে সমবেতভাবে তাঁর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করবেন- এ আশা প্রকাশ করেন অ্যাকাডেমিক কমিটির সদস্যরা।