ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দা সূর্যসেন হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সূর্যসেন হলের ভেতরে এই অনুষ্ঠানের আয়োজন করে হল শাখা ছাত্রদল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. রাশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ, মো. তারিকুল ইসলাম টিটু ও সূর্যসেন হল শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক মো. আব্দুল করিম সরকার। তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল উপস্থিত হতে পেরে খুব খুশি লাগছে। আমরা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে জান্নাতে দাখিল করেন।’
মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রেজাউল করিম (রেজা) বলেন, ‘দীর্ঘ দিন পর হলে এসে ইফতার করতে খুব ভালো লেগেছে। এমন বড় ইফতার পার্টি আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানাই।’
হল শাখা ছাত্রদলের সদস্যসচিব আবিদুর রহমান মিশুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক মনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সূর্যসেন হল শাখার সাবেক আহ্বায়ক মো. অহিদুজ্জামান অহিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম আকতার শুভ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেরাজুল ইসলাম, আরিফ ঠাকুর, অমিত, রাজিব, সানি, শিবলীসহ হল শাখার সাবেক নেতারা। দোয়া ও ইফতার মাহফিলে হলের প্রভোস্ট, কর্মকর্তা ও কর্মচারীরাসহ সাধারণ ছাত্ররাও অংশগ্রহণ করেন।